আদম (আ.)-এর দুই ছেলে আল্লাহর জন্য কোরবানি পেশ করল। একজনেরটা কবুল হলো, অন্যজনেরটা হলো না। যার কোরবানি কবুল হয়নি, সে হিংসায় জ্বলে উঠে বলল, আমি তোমাকে মেরে ফেলব।
অন্য ভাই শান্তভাবে বলল, আল্লাহ তো মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। আর জানাল, তুমি আমাকে হত্যা করতে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াব না — আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি।
তবু তার মন তাকে ভাইকে হত্যায় প্ররোচিত করল, আর সে তাকে হত্যা করে ফেলল — হয়ে গেল ক্ষতিগ্রস্তদের একজন।
এরপর লাশ নিয়ে সে দিশেহারা। তখন আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খুঁড়ছিল, তাকে দেখাতে যে ভাইয়ের লাশ কীভাবে ঢাকতে হয়। সে আফসোস করে বলল, হায়, আমি কি এই কাকটির মতোও হতে পারলাম না? আর সে অনুতপ্তদের দলে পড়ল।
مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ
“এ কারণেই বনী ইসরাঈলের উপর এ বিধান দিলাম যে, নরহত্যা বা যমীনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল। আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন, তারপর এদের অনেকে এরপরও যমীনে অবশ্যই সীমালংঘনকারী।”
সূরা আল-মায়েদা ৫:৩২
অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc)